প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫
বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের দুই জারীকারক নিহত হয়েছেন। নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি সাউদেরগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে ছমিরুল হক জুয়েল (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাছননগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছব্দর আলী (৩৭)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে জেলা প্রশাসনের জারিকৃত নোটিশ নিয়ে মোটরসাইকেলযোগে জগন্নাথপুরে যাচ্ছিলেন ছমিরুল হক জুয়েল ও ছব্দর আলী। পথে জয়কলস এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা নাম্বারপ্লেটবিহীন একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছমিরুল হক জুয়েল নিহত হন।
গুরুতর আহত ছব্দর আলীকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে সিলেটে স্থানান্তর করেন। তবে সিলেট নেয়ার পথেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest