মেসির জোড়া গোলে অষ্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২৬

মেসির জোড়া গোলে অষ্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

ইউএস বি ডেস্কঃ
শুরুর হতাশা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন লিওনেল মেসি। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোলের সহজ সুযোগ হাতছাড়া করলেও পরে জোড়া গোল করে ইতিহাস গড়েন আর্জেন্টিনা অধিনায়ক। তার অসাধারণ পারফরম্যান্সে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিশ্চিত করেছে শেষ ৩২-এর টিকিট।

ম্যাচের তৃতীয় মিনিটেই আক্রমণে ওঠে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজ বক্সে প্রবেশ করার সময় শ্লাগার ও পশের চ্যালেঞ্জে মাটিতে পড়ে যান। প্রথমে রেফারি খেলা চালিয়ে যেতে বললেও পরে ভিএআরের সাহায্যে ঘটনাটি পুনরায় পর্যালোচনা করেন। দীর্ঘ অপেক্ষার পর তিনি পেনাল্টির সিদ্ধান্ত দেন।
অষ্টম মিনিটে স্পটকিক নিতে এগিয়ে যান মেসি। গোল করতে পারলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার সুযোগ ছিল তার সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন তারকা। তার নেওয়া শট পোস্টের ডান পাশ দিয়ে বাইরে চলে যায়। গোলরক্ষক সঠিক দিকে ঝাঁপ দিলেও তাকে কোনো সেভ করতে হয়নি।
২১ মিনিটে আবারও গোলের সুযোগ পান মেসি। ডি-বক্সে ঢুকে শট নেওয়ার প্রস্তুতি নিলেও আলাবার হস্তক্ষেপে আক্রমণটি ভেস্তে যায়। এরপর ৩৩ মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ফাঁকা গোলমুখে শট নেন তিনি, কিন্তু আলাবা গোললাইন থেকে নিশ্চিত গোল রুখে দেন।
তবে ৩৮ মিনিটে আর ভুল করেননি মেসি। বাম দিক থেকে শুরু হওয়া আক্রমণে নিজেই বল এগিয়ে নিয়ে পেনাল্টি বক্সের প্রান্ত থেকে নিচের বাঁ কোণে নিখুঁত শটে বল জালে পাঠান। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজের ১৭তম গোল করেন তিনি এবং ছাড়িয়ে যান মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। একই সঙ্গে আর্জেন্টিনাকে এনে দেন ১-০ ব্যবধানের লিড, যা নিয়েই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ৬৩ মিনিটে এনজো ফের্নান্দেসের শক্তিশালী শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ৭৪ মিনিটে মেসির কর্নার থেকে নিকোলাস গঞ্জালেসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের শেষ দিকে দ্বিতীয় গোলের জন্য চাপ বাড়ায় আর্জেন্টিনা। ৮৭ মিনিটে গঞ্জালেসের আরেকটি প্রচেষ্টা প্রতিপক্ষের ডিফেন্সে আটকে যায়। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। জুলিয়ান আলভারেসের নেতৃত্বে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে তৈরি হওয়া সুযোগে প্রথম শটটি প্রতিহত হলেও ফিরতি বলে মেসি আর ভুল করেননি। কয়েকজন ডিফেন্ডারের বাধা উপেক্ষা করে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় এবং দলের জয় নিশ্চিত করা গোলটি করেন তিনি।
মেসির জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে জায়গা করে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা।

এ সংক্রান্ত আরও সংবাদ