এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে বিশ্বকাপ ফুটবল বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে বিশ্বকাপ ফুটবল বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:-

কিশোর মননে ক্রীড়া সচেতনতা বাড়াতে এবং বিশ্ব ফুটবলের ইতিহাস ও খবরাখবর তুলে ধরতে আজ ৩০শে জুলাই সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির হলরুমে এক প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্লে-শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের দুটি গ্রুপের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার মূল বিষয় ছিল ‘বিশ্বকাপ ফুটবল’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সুযোগ্য প্রিন্সিপাল মু. জামাল হুসাইন। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হাফিজ মশাহিদুর রহমান। পুরো অনুষ্ঠানটির দক্ষ সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা হেপী বেগম। কুইজ প্রতিযোগিতায় প্রশ্নকারীর দায়ীত্বে ছিলেন একাডেমির শিক্ষিকা শাহরিয়ার সুলতানা অপ্রিয়া এবং জান্নাতুল ফেরদৌসি। প্রধান বিচারক এর দায়ীত্ব পালন করেন একাডেমির সিনিয়র সহকারি শিক্ষক রিপন মিয়া। সহকারী বিচারক এর দায়ীত্ব পালন করেন একাডেমির শিক্ষিকা তাসলিমা বেগম, সালমা বেগম, সুমি বেগম এবং শিক্ষক এমরান হোসেন। প্রতিযোগিতায় টাইমার পর্যবেক্ষনে ছিলেন শিক্ষিকা নাদিরা ইসলাম মাঈশা।
প্রতিযোগিতায় ছোট ছোট শিক্ষার্থীরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেয়। কচি-কাঁচাদের মধ্যে বিশ্ব ফুটবলের খবর জানার এমন আগ্রহ ও উত্তর দেওয়ার দক্ষতা দেখে উপস্থিত অতিথি ও অভিভাবকবৃন্দ মুগ্ধ হন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ আব্দুস সালাম বলেন, “লেখাপড়ার পাশাপাশি শিশুদের সাধারণ জ্ঞান বৃদ্ধি ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত সহায়ক। খেলাধুলার ইতিহাস ও তথ্য জানলে শিশুদের মেধা আরও সমৃদ্ধ হয়।”


সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মু. জামাল হুসাইন বলেন, “শিশুদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্ব সম্পর্কে জানার সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের নানামুখী আয়োজন বজায় রাখবে।”
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সংক্রান্ত আরও সংবাদ