বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে আজারবাইজান গেছেন জগন্নাথপুরের রাজু আহমদ

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬

বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে আজারবাইজান গেছেন জগন্নাথপুরের রাজু আহমদ

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের অনূর্ধ্ব—১৫ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে আজারবাইজান গিয়েছেন জগন্নাথপুরের উদীয়মান ফুটবলার রাজু আহমদ ভূঁইয়া।
“ফিফা অনূর্ধ্ব—১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬”—এ অংশগ্রহণের উদ্দেশ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই (লম্বা হাটি) গ্রাম নিবাসী গোলাম রব্বানী ভূঁইয়ার ছেলে উদীয়মান ফুটবলার রাজু আহমদ ভূঁইয়া বিগত ২১ শে অক্টোবর জাতীয় ফুটবল দলের সঙ্গে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে আজারবাইজান পৌঁছেছেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে রাজু আহমদ ভূঁইয়া সবার ছোট। আক্রমণভাগের এই খেলোয়াড় জগন্নাথপুর এর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এ ব্যাপারে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সৈয়দনূর বলেন, রাজু যখন ক্লাস সেভেনে পড়ে; তখন আমি তার খেলা দেখি। এরপর থেকেই লেখা-পড়ার পাশা-পাশি তাকে খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেই এবং সহযোগিতা করি। তার আজকের এই অর্জনে আমরা গর্বিত। দোয়া করি সে যেনও দেশের জন্য ভালো কিছু করতে পারে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সামিনুর রহমান বলেন, আমাদের রাজু আহমদ ভূঁইয়া শৈশব থেকেই ফুটবলের প্রতি গভীর ভালোবাসা আর কঠোর পরিশ্রম করে আসছে। এই পরিশ্রম ও কঠোর সাধনার মাধ্যমে আজ তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হাওরপারের সন্তান হিসেবে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে খেলতে যাওয়া এটি আমাদের সুনামগঞ্জবাসীর জন্য গর্বের। আমরা তার সার্বিক সাফল্য কামনা করি।
এ ব্যাপারে জগন্নাথপুর তথা সুনামগঞ্জের অনেকেই তাদের অভিপ্রায় ব্যক্ত করে বলেন, হাওরপারের এই তরুণ ফুটবলারের আন্তর্জাতিক অদম্য যাত্রা ও অর্জনে আমরা জগন্নাথপুর তথা পুরো সুনামগঞ্জবাসী গর্বিত। সবাই তাঁর সর্বাঙ্গীন সাফল্য ও দেশের জন্য ভালো খেলার প্রার্থনা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ