প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে আগামী ১০ নভেম্বর তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ নভেম্বর পর্যন্ত দুই দিনের এই সফরে সম্মেলনের উচ্চপর্যায়ের ‘ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট’-এ অংশ নেবেন তিনি।
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদানভিত্তিক অর্থায়ন, লস অ্যান্ড ড্যামেজ তহবিলের অর্থ বৃদ্ধি, উন্নত দেশগুলোর জবাবদিহি এবং বাংলাদেশের জলবায়ু অভিযোজনের সাফল্য তুলে ধরাই হবে এবারের সম্মেলনে দেশের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ঢাকা ও আঙ্কারার কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, এই বৈঠকগুলো ১২ই নভেম্বর হওয়ার কথা।
আজ ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হবে এবারের কপ-৩১ সম্মেলন। এর মধ্যে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের অধিবেশন। গত ২ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রীর সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী এবার সংক্ষিপ্ত সফরে যাবেন এবং সম্মেলনের দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন। গত ৫ নভেম্বর সচিবালয়ে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুও জানান, প্রধানমন্ত্রী ১০ নভেম্বর তুরস্ক যাবেন এবং ১২ নভেম্বর দেশে ফিরবেন।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদের নাম আলোচনায় রয়েছে। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজও সফরে যেতে পারেন। এ ছাড়া পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফি উল্লাহ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান এবং প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরীর নাম সম্ভাব্য প্রতিনিধিদলের তালিকায় রয়েছে।
জলবায়ুবিষয়ক আলোচনায় অংশ নিতে তরুণ প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন জলবায়ু অ্যাক্টিভিস্ট আমানুল্লাহ পরাগ, জারিফ তাহমিদ ও সামিয়া মেহজাবিন স্নেহা। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানেরও সফরে যাওয়ার সম্ভাবনার কথা প্রাথমিক তথ্যে উল্লেখ রয়েছে। তবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
বাংলাদেশের পক্ষ থেকে এবারের সম্মেলনে চারটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রথমত, জলবায়ু অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়ার দাবি জানানো হবে। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য লস অ্যান্ড ড্যামেজ তহবিলের অর্থ বাড়ানো এবং দ্রুত ছাড়ের ব্যবস্থা নিশ্চিত করার দাবি থাকবে। তৃতীয়ত, বৈশ্বিক কার্বন নিঃসরণে বড় ভূমিকা রাখা উন্নত দেশগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হবে। চতুর্থত, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব উদ্যোগ ও অর্জন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করা।
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু গত ৫ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রতিবছর প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে। এই ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে লস অ্যান্ড ড্যামেজ তহবিলের অর্থ বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ জানান, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো যাতে এ তহবিল থেকে সহজে অর্থ পেতে পারে, সে বিষয়ে সম্মেলনে জোটবদ্ধভাবে দাবি তোলা হবে।
বাংলাদেশের অবস্থানপত্রে হিমালয়ের হিমবাহ গলে যাওয়া, বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, নদীভাঙন, বন্যা ও খরার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ১৭ থেকে ২০ শতাংশ ভূমি তলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে প্রায় তিন কোটি মানুষ জলবায়ু উদ্বাস্তু হওয়ার আশঙ্কা রয়েছে। লবণাক্ততা বৃদ্ধির কারণে কৃষিজমি, সুপেয় পানি ও সুন্দরবনের জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।
সম্মেলনে জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা চাইবে বাংলাদেশ। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, হাওর, চর ও খরাপ্রবণ এলাকার মানুষের খাদ্য, পানি, স্বাস্থ্য ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হবে। কৃষি, শিল্প, পরিবহন ও জ্বালানি খাতে পরিচ্ছন্ন প্রযুক্তির ব্যবহার বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং কার্বন নিঃসরণ কমানোর বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
এবারের সম্মেলনে বাংলাদেশের নিজস্ব উদ্যোগগুলোও উপস্থাপন করা হবে। সরকারের পক্ষ থেকে গত ছয় মাসে খাল খনন কার্যক্রম পুনরায় শুরু, বৃক্ষরোপণ কর্মসূচি, সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে নেওয়া উদ্যোগগুলো তুলে ধরার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরতে সম্মেলনে পাটের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।
সম্মেলনস্থলে বাংলাদেশের জন্য ১০০ বর্গমিটারের একটি প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। সেখানে দেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজনের অভিজ্ঞতা, জাতীয়ভাবে নির্ধারিত অবদান, জাতীয় অভিযোজন পরিকল্পনা, লস অ্যান্ড ড্যামেজ, জলবায়ু অর্থায়ন, কার্বন বাজার ও নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে। এ প্যাভিলিয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, গবেষণা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকবে।
এদিকে তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ উদ্যোগ এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ও আলোচনায় আসতে পারে। এ ছাড়া জলবায়ু অর্থায়ন নিয়ে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের আলোচনার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এবারের কপ-৩১ সম্মেলনে তুরস্ক স্বাগতিক ও সামগ্রিক কর্মপরিকল্পনার নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়া মূল জলবায়ু আলোচনার সভাপতিত্ব করছে। ফলে সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ও অভিযোজন কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একাধিক বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সুত্রঃ ইত্তেফাক
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest