সীমান্তে আওয়ামী লীগ নেতা সাবেক এমপি রনজিতের সভা করার দাবি নিয়ে তোলপাড়

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

সীমান্তে আওয়ামী লীগ নেতা সাবেক এমপি রনজিতের সভা করার দাবি নিয়ে তোলপাড়

 

বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ কিংবা সিলেটের সীমান্ত এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা রনজিত সরকারের একটা সভা অনুষ্ঠিত হওয়ার খবর নিয়ে রাত থেকে তোলপাড় চলছে। গোয়েন্দা সংস্থা, পুলিশ কিংবা বিজিবির চোখ ফাঁকি দিয়ে এভাবে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হল কিভাবে তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভা করার দাবি নিজেই করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও চব্বিশের বিনা ভোটের এমপি রনজিত সরকার।
যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর রনজিত সরকার বর্তমানে ভারতে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
রনজিত দাবি করেন, ভারতের মেঘালয় হয়ে দেশের সীমানায় ঢুকে সভা করে তিনি সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্ত দিয়ে আবার ভারতে ফিরে গেছেন।
ফেসবুকে আপলোড দেয়া ভিডিওতে তার নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনের নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীকে ওই সভায় দেখা গেছে।সংবাদ দেখুন
৯ নভেম্বর রোজ সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত ভিডিও আপলোড করায় ব্যাপক জানাজানি হয় এবং সিলেট জুড়ে তোলপাড় দেখা দেয়।সরকারি সেবা
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে রয়েছেন চব্বিশের বিনা ভোটের এই সংসদ সদস্য। দেশ থেকে পালিয়ে তিনি ভারতের শিলং ও কলকাতায় পলাতক ছিলেন তিনি। মাঝখানে কিছুদিন যুক্তরাজ্যে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়ে বিফল হয়ে আবার ভারত ফিরে এসেছেন বলে জানা গেছে।
সভার বিষয়টি অস্বীকার না করলেও সভার স্থান নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন সিলেট ও সুনাগঞ্জের পুলিশ সুপার। পুলিশ ও বিজিবি বলছে, সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা রয়েছে।
ফেসবুকে আপলোড দেয়া ভিডিওতে দেখা গেছে, ব্যানার ধরে রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া।
ব্যানারে লেখা ছিল,শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা। অতিথি অ্যাডভোকেট রনজিত সরকার।’ আয়োজনে উল্লেখ ছিল ‘তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
ভিডিও দেখে সভায় উপস্থিত একাধিক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কেউই সভার স্থান স্পষ্ট করে বলনেনি। তবে রোববার সন্ধ্যায় তারা সভায় উপস্থিত ছিলেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রনজিত সরকার ম্যাসেঞ্জারে বলেন, ‘কোনো তথ্য জানাতে পারব না। সভা শেষে সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।
কোথায় সভা করলেন, এই বিষয়ে জানতে চাইলে কল কেটে দেন তিনি।
ছাত্রলীগ নেতা ওমর ফারুক বলেন, ‘সভাটি রোববার সন্ধ্যায় করা হয়েছে।’ কোথায়, কখন করা হয়েছে জানতে চাইলে তিনিও কল কেটে দেন।
৫ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে রনজিত সরকারকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। বক্তব্যে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেফতার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন। এ সময় তিনি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণার কথা উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
পাশাপাশি মঙ্গলবারের ছাত্রলীগের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ এবং ভবিষ্যতের দলীয় কর্মসূচিতে অংশ নেয়ার নির্দেশনা দেন।
এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, সুনামগঞ্জের সীমান্ত এলাকা নিশ্চিদ্র নিরাপত্তায় আছে। ওখান দিয়ে রনজিত সরকার ঢোকার কোনো সুযোগ নেই। রনজিতের নির্বাচনী এলাকার যেসব লোককে ওখানে ভিডিওতে দেখা গেছে। তাদেরকে সিলেট সীমান্তের কোনো একটা জায়গায় জড়ো করে তারা এই কাজ করেছে।
তবে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক বললেন ভিন্ন কথা। তার বক্তব্য সভাটি সিলেটের সীমান্তে হয়নি। সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো স্পটে হয়েছে। উপস্থিত লোকজনও সুনামগঞ্জের ছিল।
অপরদিকে, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, ‘সুনামগঞ্জ সীমান্ত এলাকায় নানাভাবে খোঁজ খবর নিয়ে জানা গেছে, এ ধরণের কোনো সভা এই সীমান্তে হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ