প্রকাশিত: ৭:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
ছবি: জাগো নিউজ
ইউএস বি ডেস্কঃ
২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা ৫ হাজার বাড়িয়েছে সৌদি আরব। নতুন করে ৫ হাজার কোটা বরাদ্দ পাওয়ায় আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের পর এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দ্বিপক্ষীয় এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন ধর্মমন্ত্রী। চুক্তি শেষে তিনি জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়িয়েছেন। এতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
এর আগে, আগামী বছরের হজে বাংলাদেশের জন্য সৌদি আরবের নির্ধারিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের হজ পালনের সুযোগ ছিল। নিবন্ধনের চাহিদা বিবেচনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও ২০ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর আবেদন করা হয়েছিল।
ধর্মমন্ত্রী জানান, হজ কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনায় উঠে আসে। তবে এ সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেছেন, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর প্রতিশ্রুতি তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।’
হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছিল গত ২৭ জুলাই। নিবন্ধনের শেষ সময় ছিল ২৪ সেপ্টেম্বর। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছে। প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ-১-এর মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২-এর মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে (৯ জিলহজ ১৪৪৮ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে ৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ বাংলাদেশ ও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest