প্রকাশিত: ৭:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
উপমহাদেশের প্রখ্যাত লোককবি, বৈষ্ণব বাউল সাধক ও ধামাইল গানের জনক রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর স্মৃতিবিজড়িত জন্মস্থান জগন্নাথপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য স্মরণানুষ্ঠান।
৯ নভেম্বর রোজ সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে এ আয়োজনের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বর্ণিল সাজে সজ্জিত দৃষ্টিনন্দন মঞ্চে স্থানীয় শিল্পী ও ধামাইল দলের পরিবেশনায় রাধারমণ দত্তের কালজয়ী গানগুলো পরিবেশিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দিন। বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার। জগন্নাথপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী। সমাজসেবক ও পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আছকির আলী। পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু। উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাফিকুল ইসলাম খেজর ও আবুল হোসেন রাব্বী প্রমুখ।
বক্তারা বলেন, রাধারমণ দত্ত কেবল একজন সাধক বা কবি ছিলেন না, তিনি ছিলেন বাংলার মাটি ও মানুষের অন্তরের কণ্ঠস্বর। তাঁর সৃষ্ট ধামাইল, বাউল, ভাটিয়ালি ও ভক্তিমূলক গান শত বছর ধরে গ্রামবাংলার মানুষের হৃদয়ে অনুরণিত হয়ে আসছে। তাঁর প্রেম, মানবতা ও আধ্যাত্মিকতার সুর যুগে যুগে মানুষকে আলোর পথ দেখাবে।
বক্তারা আরও উল্লেখ করেন, জগন্নাথপুরের কেশবপুর গ্রামেই এই মহাত্মা জন্মগ্রহণ করেছিলেন এবং সাধনার মাধ্যমে সৃষ্টি করে গেছেন ‘ভ্রমর কইয়ো গিয়া’, ‘কারে দেখাবো মনের দুঃখ গো’, ‘আমার বন্ধু দয়াময়’-এর মতো অসংখ্য অমর সৃষ্টি। বক্তারা তাঁর সকল সৃষ্টি সংগ্রহ, সংরক্ষণ ও সঠিক মূল্যায়নের তাগিদ দেন। একই সঙ্গে কেশবপুরে প্রস্তাবিত ‘রাধারমণ কমপ্লেক্স’ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তাঁরা বলেন, কমপ্লেক্সটি নির্মিত হলে নতুন প্রজন্ম তাঁর দর্শন সম্পর্কে জানতে পারবে এবং জগন্নাথপুর একটি সমৃদ্ধ সাংস্কৃতিক পর্যটন কেন্দ্রে পরিণত হবে।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রাধারমণের গান ও ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest