প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দেশটির একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
কাতারে বাংলাদেশ দূতাবাস ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় সময় ভোরে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথে তাদের বহনকারী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দুর্ঘটনার শিকার হয়। তবে কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় ট্রাফিক পুলিশ।
নিহতদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বিভিন্ন গ্রামে। জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমানো এসব প্রবাসীর আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহতদের পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃসংবাদ পৌঁছে দিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল ও স্থানীয় হাসপাতালের মর্গে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।
দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে নিহতদের মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কাতার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সুত্রঃ ঢাকা প্রকাশ অনলাইন
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest