ইরানের হুমকির মুখে বৃটিশ ঘাঁটি থেকে বিমান সরালো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

ইরানের হুমকির মুখে বৃটিশ ঘাঁটি থেকে বিমান সরালো যুক্তরাষ্ট্র

ইউএস বি ডেস্কঃ
ইরানের হুমকির মুখে বৃটেনের একটি সামরিক ঘাঁটি থেকে সোমবার বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনা সম্পর্কে জ্ঞাত ব্যক্তিদের বরাতে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, রয়্যাল এয়ার ফোর্স মিলডেনহলের ঘাঁটিতে ঠিক কী ধরনের ইরানি হুমকি রয়েছে- তা নিয়ে মার্কিন কর্মকর্তারা আলোচনা করছেন।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সোমবার সকালে দুইটি মার্কিন জ্বালানি বিমান ওই ঘাঁটি থেকে সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়া আরও অন্যান্য জ্বালানি বিমান একইদিনে জার্মানি এবং অন্য স্থানে সরিয়ে নেয়া হয়।
এনিয়ে সোমবার একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এবং দেশটির প্রতিরক্ষা শিল্প বিষয়ক প্রকাশনা ‘দ্য ওয়ার জোন’ জানিয়েছে, যুক্তরাষ্ট্র আরএএফ মিলডেনহল এবং আরেকটি বিমানঘাঁটি আরএএফ লেকেনহীথের নিরাপত্তা ঝুঁকির মাত্রা বাড়িয়ে “এফপিসিওএন চার্লি” করেছে।
এই হুমকি স্তরটি পেন্টাগনের বাহিনী সুরক্ষা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর। এটি নির্দেশ করে যে, কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বা লক্ষ্যবস্তু নির্ধারণের সম্ভাবনা রয়েছে।
এদিকে বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা অন্য দেশের কার্যকলাপ সম্পর্কে কোনো মন্তব্য করেনা। এর আগে গত মাসে বৃটেনের একই সামরিক ঘাঁটিতে ইরানি হামলাচেষ্টার জবাবে বিমান সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র।