রাজধানীর ৩ জায়গায় আন্ডারপাস-ওভারপাস নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৬

রাজধানীর ৩ জায়গায় আন্ডারপাস-ওভারপাস নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ইউএস বি ডেস্কঃ
রাজধানীর উত্তরা ও আশপাশের এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে তিনটি গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্প্রতি, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও ‘সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে রেলপথ মন্ত্রণালয়কে এ নির্দেশনা প্রদান করা হয়।

শুক্রবার (১৯ জুন) বিকালে চিঠির সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
চিঠিতে বলা হয়েছে, ঢাকা-১৮ আসনের অর্ন্তগত দক্ষিণখান ও উত্তরখান এলাকায় প্রবেশ ও বহির্গমনের অন্যতম প্রধান সংযোগপথ হিসেবে কসাইবাড়ী, আজমপুর এবং আবদুল্লাহপুরের রেলগেইটগুলো প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ব্যবহার করে। তবে ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ রেলগেইট বন্ধ থাকায় এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকল্প সড়কের স্বল্পতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।

বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স, চাকরিজীবী ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়ছেন। অনেক সময় জরুরি সেবার যানবাহনও দীর্ঘ সময় আটকে থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে উত্তরা কসাইবাড়ী, আজমপুর কাঁচাবাজার ও আবদুল্লাহপুর বেড়িবাঁধ রেলক্রসিং এলাকায় আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য রেলপথ মন্ত্রণালয়কে জরুরি নির্দেশ প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা জাতীয় সংসদের গত অধিবেশনে আমি উত্থাপন করেছি। প্রধানমন্ত্রী বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এসব স্থানে আন্ডারপাস অথবা ওভারপাস নির্মাণ হলে উত্তরখান ও দক্ষিণখানসহ ঢাকার বিরাট একটি এলাকা যানজটমুক্ত হবে। আশা করি, এটি শীঘ্রই বাস্তবায়ন হবে। সুত্রঃ যুগান্তর. কম

এ সংক্রান্ত আরও সংবাদ