প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
নিহতের প্রায় আড়াই মাস পর প্রকাশ পেল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন। ২৩ শে সেপ্টেম্বর রোজ সোমবার গণমাধ্যমের হাতে আসে প্রতিবেদনটি।
প্রতিবেদনে উঠে এসেছে, পুলিশের শটগানের গুলিতে পুরো শরীর ছিদ্র হয়ে গেছে আবু সাঈদের। হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণ। এছাড়া তার মাথার মধ্যভাগ থেকে পশ্চাৎ ভাগ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ওই দিনের ঘটনার বর্ণনায় বলা হয়, আবু সাঈদের কানের ওপরের দিকে মাথার খুলিতে দৈর্ঘ্যে ৩ ইঞ্চি ও প্রস্থে দেড় ইঞ্চি আয়তনের গর্ত ছিল, যেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এবং রক্ত জমাট বাঁধা ছিল। এছাড়া বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট রাবার বুলেটের গর্ত ছিল। সেখান থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মাথার আঘাত, শরীরের রক্তক্ষরণের কারণে আবু সাঈদ শকে চলে যান। এতে তার মৃত্যু হয়।
আবু সাইদের আইনজীবী গণমাধ্যমকে বলেন, মাথার পেছনে আঘাতের চিহ্ন বিদ্যমান ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু হয়েছে। ফলে বলা যায় এটি হত্যাকাণ্ড। এই রিপোর্ট অনুযায়ী কোনোভাবেই আসামিরা ছাড় পেতে পারবে না।
আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ১৭ জুলাই তাজহাট থানায় একটি মামলা করে। পরবর্তীতে ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী আরেকটি মামলা করেন। দুটি মামলাই তদন্ত করছে পিবিআই।
গত ১৬ জুলাই দুপুর ২টার দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ অন্তত ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।
সূত্র: সমকাল.কম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest