জগন্নাথপুরে ব্রীজ ভেঙে নদীতে নিমজ্জিত ট্রাক ৫ মাস পর উত্তোলন 

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪

জগন্নাথপুরে ব্রীজ ভেঙে নদীতে নিমজ্জিত ট্রাক ৫ মাস পর উত্তোলন 
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক নদীর পানিতে ডুবে চালক ও হেলপার নিহত হওয়ার ঘটনার দীর্ঘ প্রায় পাঁচ মাস পর ডুবন্ত ট্রাকটি উত্তোলন করা হয়েছে। এই ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।
২০২৩ সালের ২২ শে আগষ্ট বিকালে পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইছগাঁও এলাকায় কাটাগাঙ্গ নদীর উপর বেইলি ব্রীজ ভেঙে মালবাহী একটি ট্রাক নদীতে পড়ে ডুবে যায়। এবং এই দিনই সন্ধ্যায় সুনামগঞ্জ ফায়ারসার্ভিস এর উপ-সহকারী পরিচালক মোঃ তারেক হাসান ভূঁইয়ার নেতৃত্বে ডুবুরী নবীর উদ্দীন ও জুম্মন আহমদ প্রাণপণ চেষ্টা চালিয়ে ডুবন্ত ট্রাকের ভেতর থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রাম নিবাসী ট্রাক চালক ফারুক মিয়া (৪২) ও তার সহকারী হেলপার সিলেট এয়ারপোর্ট থানা এলাকার ধুপাতল এর বাসিন্দা জাকির আহমদ কলিন্স (৩৫) এর মরদেহ উদ্ধার করে। এবং জগন্নাথপুর থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে। কিন্তু তৎকালীন সময়ে নদীতে পানি বেশী থাকায় ট্রাকটি উত্তোলন করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মামলাও হয়েছে।  এই ঘটনায় এই দিন রাতেই অতিরিক্ত মালবোঝাই ট্রাক ব্রীজে উঠে ব্রীজ ভেঙেছে এমন অভিযোগ এনে জগন্নাথপুর থানায় ট্রাকের মালিক ও চালককের বিরুদ্ধে ৩ কোটি টাকার ক্ষতিপূরণ এর মামলা দায়ের করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অবশেষে চলতি ২০২৪ সালের ২৭ শে জানুয়ারী রোজ শনিবার অর্থাৎ গতকাল প্রশাসনের তত্বাবধানে ১০ জন শ্রমিক এই ট্রাক উত্তোলন এর কাজ শুরু করে ২৮ শে জানুয়ারী রোজ রবিবার দুপুরে ডুবন্ত এই ট্রাকটি উত্তোলন করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, নদীতে পানি বেশী থাকায় এতোদিন ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। ২৮ শে জানুয়ারী ট্রাকটি উদ্ধার এর পর জব্দ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মৃত্যু ও ব্রীজ ভেঙে যাওয়ার বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ