জগন্নাথপুরে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, দুঃশ্চিন্তাগ্রস্থ সবজি চাষীরা

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

জগন্নাথপুরে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, দুঃশ্চিন্তাগ্রস্থ সবজি চাষীরা

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে থেমে থেমে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ভোগান্তির মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। এমনকি ব্যবসা – বানিজ্যে ধ্বস নেমেছে। আর হেমন্ত ও শীতকালীন সবজি চাষীরা দুঃশ্চিন্তা গ্রস্থ হয়ে পড়েছেন।
বিগত ছয় দিন ধরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উপর দিয়ে থেমে থেমে কখনো ভারী ও কখনো হালকা বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে জনসাধারণ ঘরের বাইরে বেরুতে সাহস পাচ্ছেন না। বিত্তশালীরা যেমন-তেমন  বিশেষ করে শ্রমজীবি দিনমজুর নিম্ন আয়ের মানুষেরা চরম ভোগান্তির মধ্য দিয়ে পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। ৯ ই অক্টোবর রোজ সোমবার সরেজমিনে ঘুরে দেখা যায় ও জানা গেছে, অতি বৃষ্টির ফলে একমাত্র অফিস -আদালতগামীরা বিভিন্ন জায়গায় যাতায়াত করলেও হাট-বাজারে ও  সড়ক পথে জনসাধারণের চলাচল নেই বললেই চলে। যার ফলশ্রুতিতে সিএনজি,  রিক্সা ও অটোরিক্সা চালকদের রোজগারে ভাটা পড়ার পাশা-পাশি হাটবাজার এর ব্যবসা বানিজ্যে ধ্বস নেমেছে। এছাড়াও অতিমাত্রার বৃষ্টি -বাদলে উপজেলার নিম্নাঞ্চলের ক্ষেতে বৃষ্টির পানি জমে যাওয়ায় অধিকাংশ ফসলী জমি বিশেষ করে সবজি ক্ষেত পানি জমেছে। এতে করে সবজি ক্ষেত ও সবজির চারা বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই সবজি চাষীরা দুঃশ্চিন্তা গ্রস্থ হয়ে পড়েছেন।
জগন্নাথপুর উপজেলা সদর সহ বিভিন্ন হাটবাজার এর একাধিক ব্যবসায়ী বলেন, ব্যবসা ভাল যাচ্ছে না কর্মচারী খরচ ও দোকান ভাড়া উপরে পড়ছে। বৃষ্টিপাত না কমলে বড় অংকের লোকসান গুনতে হবে।
বিভিন্ন ধরনের ছোট ছোট যানবাহন চালক তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, বৃষ্টির কারনে সড়কে জনসাধারণ এর চলাচল  একেবারে কম থাকায় রোজীরোজগার হচ্ছে না। বাজার -সদাই করে বাড়ী ফেরা কষ্টকর হয়ে পড়েছে। ৫/৬ দিন ধরে খুব কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছি।
হতদরিদ্র দিনমজুর কালা মিয়া, বারীক মিয়া ও সুহেল সহ একাধিক ব্যক্তি তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, বৃষ্টি বাদলের জন্য কাজে যেতে পারছিনা। কয়েক দিন ধরে মানবেতর জীবনযাপন করছি।
সবজি চাষী মিন্নত আলী, জহিরুল ও আসকর মিয়া সহ একাধিক ব্যক্তি একান্ত আলাপকালে বলেন, টানা বৃষ্টিপাতে জমিতে পানি জমে যাওয়ায় চাষ করা সবজি গাছ গুলোতে সমস্যা দেখা দিয়েছে। যে হারে বৃষ্টিপাত হচ্ছে এভাবে বৃষ্টিপাত হতে থাকলে  আগাম জাতের অর্থাৎ হেমন্ত ও শীতকালীন সবজি ক্ষেত নষ্ট হওয়ার আশংকা রয়েছে।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাওছার আহমেদ বলেন, ৫/৬ দিনের টানা বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন স্থানে ফসলী জমি ও সবজি ক্ষেতে বৃষ্টির পানি জমেছে। এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না। আশাবাদী বৃষ্টি কমলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না।বৃষ্টি কমলে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ