আমিরাতে ২৩ টি গাড়ির সংঘর্ষে বিদেশিসহ ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

আমিরাতে ২৩ টি গাড়ির সংঘর্ষে বিদেশিসহ ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন

ইউএস বি ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়ির সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন।
দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতে। এতে প্রাণহানির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় বুধবার মধ্যরাতের ঠিক আগে ফুজাইরাহর প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় সড়কে যানবাহনের গতি ছিল ধীর।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রাক প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি উল্টে গিয়ে সামনে থেমে থাকা অন্য যানবাহনগুলোতে আঘাত করে।
দুর্ঘটনায় মোট ২৩টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি ছিল ট্রাক।
সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতে। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অর্ধেকই চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। বাকিরা এখনো চিকিৎসাধীন।
নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকও রয়েছেন।এছাড়া, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ভারতের কনস্যুলেট জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন।
নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কনস্যুলেট।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিরা সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিশরের নাগরিক।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি