দিরাই পৌরসভার বাগবাড়ি গ্রামে মাদক নির্মুল কমিটি গঠন

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

দিরাই পৌরসভার বাগবাড়ি গ্রামে মাদক নির্মুল কমিটি গঠন

 

মোঃ আশরাফ উদ্দিন,দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সুনামগঞ্জের দিরাই পৌরশহরের বাগবাড়ি গ্রামবাসীর উদ্যোগে মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে মোশাহিদ মিয়াকে আহবায়ক করে ৫১ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে। মাদকের কারণে পারিবারিক অশান্তি, অপরাধপ্রবণতা, শিক্ষার অবনতি এবং তরুণ সমাজের নৈতিক অধঃপতন ঘটছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

সভা শেষে উপস্থিত গ্রামবাসীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কমিটির আহবায়ক মোশাহিদ মিয়া জানান, কমিটি গঠনের পর আমাদের প্রথম কাজ আমরা গ্রামের প্রতিটি ঘরে মাদকবিরোধী প্রচারণা চালাবো। গ্রামের কেউ মাদক ব্যবসা বা সেবনের সাথে জড়িত থাকলে এখনই তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে কেউ এর সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে হুঁশিয়ার দেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ