প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃঃ
মেসিদের প্যারিসে হবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাশিয়ার সেইন্ট পিটার্সবুর্গে। তবে ইউক্রেনে সামরিক আগ্রাসনের খেসারত দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনের স্বত্ব হারিয়েছে রাশিয়া। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা জানিয়েছে, এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে মেসি-নেইমার-এমবাপেদের শহর প্যারিসে।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে আজ দুপুরে এক জরুরী সভা ডেকেছিল উয়েফা। তাতেই সিদ্ধান্ত আসে, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেইন্ট পিটার্সবুর্গের স্টেডিয়াম গ্যাজপ্রম অ্যারেনা থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। আগামী ২৮ মে এই স্টেডিয়ামটির বদলে প্যারিসের স্তাদ দি ফ্রান্সে নির্ধারিত হবে ইউরোপীয় শ্রেষ্ঠত্ব।
আজকের এই সভা শেষে উয়েফা আরও একটি সিদ্ধান্ত জানিয়েছে। সে সভায় সিদ্ধান্ত এসেছে ইউক্রেন ও রাশিয়ার জাতীয় ফুটবল দল ও ক্লাবগুলো পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত নিজেদের হোম ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।
স্পার্টাক মস্কো এখনো খেলছে ইউরোপা লিগে। আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় হবে ড্র। রাশিয়া আর ইউক্রেন দুই দলই বিশ্বকাপে খেলার দৌড়ে আছে। আগামী মাসে দলগুলো লড়বে প্লে অফ সেমিফাইনালে, তবে দলগুলো আদৌ পারবে কি-না, এটা নির্ভর করছে ফিফার ওপর। তবে সেটা হোক না হোক, উয়েফা নেশন্স লিগে আগামী জুন মাসে ঠিকই খেলবে দলদুটো।
উয়েফা এক বিবৃতিতে জানায়, ‘এমন এক সংকটের মুহুর্তে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসরটা ফ্রান্সে সরিয়ে নেওয়ার জন্য যে ব্যক্তিগত সাহায্য ও নিবেদন দেখিয়েছেন, সেজন্যে উয়েফা ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোঁকে ধন্যবাদ জানাচ্ছে।’
‘ফরাসি সরকারের সঙ্গে মিলে উয়েফা ’ফরাসি সরকারের সঙ্গে মিলে, উয়েফা ইউক্রেনের ফুটবলার ও তাদের পরিবার, যারা মারাত্মক মানবিক দুর্ভোগ, ধ্বংস এবং বাস্তুচ্যুতির মুখোমুখি হয়েছে তাদের উদ্ধারের ব্যবস্থা নিশ্চিত করতে বহুপাক্ষিক প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে সমর্থন করবে।’
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest