প্রকাশিত: ৩:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে গৃহস্থালি ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে স্থানীয় বাজারে ব্যবসায়ীরা ইচ্ছামতো বাড়তি দামে বিক্রি করছেন এলপিজি গ্যাস সিলিন্ডার । এতে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় ক্রেতা ও সাধারণ জনগণ।
৪ অক্টোবর রোজ রবিবার সরেজমিনে ঘুরে খোঁজ নিয়ে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের পৌর এলাকা সহ প্রত্যেকটি ইউনিয়নের হাট-বাজারে গত দুই দিন ধরে হঠাৎ করেই রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC)-এর ঘোষণা অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের বর্তমান সরকারি নির্ধারিত খুচরা মূল্য ১,৫৮৫ টাকা (সেপ্টেম্বর/অক্টোবর ২০২৬ অনুযায়ী) হলেও
দোকানে ব্যবসয়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে সিলিন্ডার প্রতি অতিরিক্ত ৩ শত থেকে ৪শত টাকা পর্যন্ত বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। এছাড়া অনেক ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে রাখা ও সাধারণ গ্রাহকদের জিম্মি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে স্থানীয়দের দাবি।
হঠাৎ সিলিন্ডার গ্যাসের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে। ক্রেতাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজার বা সরকারি মূল্য সমন্বয়ের অজুহাত দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে খুচরা ও পাইকারি বিক্রেতারা এই অসাধু উপায় অবলম্বন করছেন। ফলে নিয়মিত রান্নার বাজেট মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় সচেতন মহল ও ভোক্তাসাধারণ মনে করছেন, উপজেলায় নিয়মিত সরকারি নজরদারি ও বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছেন।
এ বিষয়ে দ্রুত উপজেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে সচেতন নাগরিকরা জানান, অবিলম্বে জগন্নাথপুরের প্রতিটি বাজারে জোরালো ও নিয়মিত বাজার মনিটরিং নিশ্চিত করা জরুরি। একই সাথে কৃত্রিম সংকট তৈরি ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির সঙ্গে জড়িত অসাধু চক্রকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest