প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।
ইউএস বি ডেস্কঃ
ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সদর দপ্তর আগামী ৩০ সেপ্টেম্বর বন্ধ হয়ে যাবে বলে পুনরায় জানিয়েছে বাগদাদ। দেশটির নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল এবং পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ ইরাকি সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে বলেও দাবি করা হয়েছে।
২৬ শে সেপ্টেম্বর রোজ শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সির প্রতিবেদনে ইরাকের সশস্ত্র বাহিনীর প্রধানের কার্যালয়ের পরিচালক আবদুল আমির আল-শাম্মারির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, ‘৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক জোটের সদর দপ্তর বন্ধ হয়ে যাবে এবং আমাদের ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি নেই।
আল-শাম্মারি আরও বলেন, ‘আমাদের নিরাপত্তা পরিস্থিতি ভালো। ইরাকের পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ আমাদের হাতে রয়েছে এবং দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
আইএস বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক জোটটি গঠিত হয়। ওই সময় ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করত সশস্ত্র গোষ্ঠীটি। জোটে ফ্রান্স ও স্পেনসহ বেশ কয়েকটি দেশ রয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে ওয়াশিংটন ও বাগদাদ ইরাকে জোটের সামরিক মিশন শেষ করার জন্য দুই ধাপের পরিকল্পনা ঘোষণা করে। প্রথম ধাপটি ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও তা ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। ওই সময় ইরাক জানায়, পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে মার্কিন সেনারা প্রত্যাহার সম্পন্ন করেছে এবং ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি বাহিনী।
পরিকল্পনার দ্বিতীয় ধাপ চলতি সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কার্যকর রয়েছে। এ সময় ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলের একটি বিমানঘাঁটি থেকে সিরিয়ায় জোটের সামরিক মিশন পরিচালিত হয়ে আসছে।
এর আগে ২৬ আগস্ট ইরাকের সশস্ত্র বাহিনীর প্রধানের মুখপাত্র সাবাহ আল-নুমান জানিয়েছিলেন, ৩০ সেপ্টেম্বরের পর জোটভুক্ত দেশগুলোর সঙ্গে ইরাকের সম্পর্কের ধরন নির্ধারণে প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, ভবিষ্যৎ সম্পর্কের মধ্যে গোয়েন্দা তথ্য, তথ্য আদান-প্রদান এবং অস্ত্র কর্মসূচিসহ বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি থাকবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest