প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে সাজানো উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
2 অক্টোবর রোজ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। তার বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি উল্লেখ করেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনার বাস্তব প্রমাণ পাওয়া গেছে বলেই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মেজর (অব.) আখতারুজ্জামান মূলত যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি অবহেলা ও অন্যায় আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তার বক্তব্যের ভাষা নিয়ে বিতর্ক তোলা হলেও যে ঘটনার প্রতিবাদ তিনি করেছেন, তার ভুক্তভোগী ও প্রত্যক্ষ সাক্ষী ছিলেন বিমানবন্দরে উপস্থিত সাধারণ যাত্রীরা।
জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, বিমানবন্দরের দীর্ঘদিনের অনিয়ম, যাত্রী হয়রানি ও কাঠামোগত অসংগতিকে আড়াল করতেই যদি এই হয়রানিমূলক গ্রেপ্তারের ঘটনা ঘটে থাকে, তবে তা জাতির জন্য এক বড় ধরনের অশনি সংকেত। ভুক্তভোগী সচেতন জনগণ কোনো অবস্থাতেই এমন আচরণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।
সুত্রঃ আমার দেশ অনলাইন
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest