প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান। ১২ নভেম্বর রোজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্য প্রকাশ করেন এবং নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান।
স্ট্যাটাসে মিজান চৌধুরী লেখেন,সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমার দল বিএনপি ইতোমধ্যে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। যদিও দলীয় সূত্রে জানানো হয়েছে এই মনোনয়ন পরিবর্তনশীল, চূড়ান্ত নয়। আমি বিএনপির একজন নগন্য কর্মী… তাই নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত মনোনয়নের অপেক্ষায় আছি।”
তিনি আরও উল্লেখ করেন,আমি মিজান চৌধুরী রোদ-বৃষ্টি, ঝড়-তুফানে, পানি-কাঁদায় বেড়ে উঠা রাজনৈতিক কর্মী। আমি ছাতক উপজেলার বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান। পতিত স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনার আমলে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ছাতক-দোয়ারাবাসীর সঙ্গে থেকেছি।
বিএনপির এই নেতা বলেন,২০১৮ সালের নির্বাচনে তারেক রহমান আমাকে ছাতক-দোয়ারার প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। মাত্র এক ঘণ্টা সময় পেয়েও জনগণ লক্ষাধিক ভোট দিয়ে ইতিহাস সৃষ্টি করে। ফ্যাসিস্ট সরকারের নানা ষড়যন্ত্র ও মধ্যরাতের ভোট ডাকাতির সেই নির্বাচনে আমাদের শত শত নেতাকর্মী হামলা, মামলা, গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মিজান চৌধুরী বলেন,আমি জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা সভাপতি থেকে হেঁটে হেঁটে আজ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হয়েছি। দলের প্রতি আমার আস্থা অটুট, আমি বিশ্বাস করি—দল আমার প্রতি সুবিচার করবে।
সমর্থক ও স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকে বহু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করছেন, অনেকেই কেঁদে ফেলছেন। আপনাদের এই ভালোবাসার কাছে আমি চিরঋণী। ধৈর্য ধরুন, আমরা সবাই চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest