প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫
ইউএস বি ডেস্কঃ
সব আসনেই শাপলা কলি প্রতীকে লড়বে এনসিপি, নভেম্বরেই চূড়ান্ত হবে প্রার্থী
নাহিদ ইসলাম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, সারাদেশে তারা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন এবং এ মাসের মধ্যেই প্রার্থিদের তালিকা চূড়ান্ত করবেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সারাদেশে জুলাই সনদের পক্ষে জনমত তৈরি করেছি, বিচারের জন্য কথা বলে যাচ্ছি। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ, শাপলা কলি প্রতীকে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সবার দল।’
তিনি আরও বলেন, যারা নতুনভাবে রাজনীতি করতে চান, নতুন বাংলাদেশ গড়তে চান-তাদের আমরা স্বাগত জানাই। আমরা সব জেলায় সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে চাই। সারাদেশে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম চলছে। আমরা মানুষের কাছ থেকে যে সাড়া ও সমর্থন পেয়েছি, আগামী নির্বাচনে সেটি পাব বলে প্রত্যাশা করি।
নাহিদ ইসলাম বলেন, ‘অনেক দিনের চেষ্টার মাধ্যমে আজ আমরা নিবন্ধন পেয়েছি। এনসিপি এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল। শাপলা কলি প্রতীকে আমরা নিবন্ধন পেয়েছি। নিবন্ধন পাওয়ার পেছনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সেজন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
এনসিপির এই আহ্বায়ক বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিল, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ফেব্রুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠার পর মার্চ মাস থেকে আমরা নিবন্ধনের কার্যক্রম শুরু করি এবং জুন মাসে আমাদের নিবন্ধনের সব কাগজপত্র জমা দেই। নির্বাচন কমিশনে সবকিছু জমা হওয়া সত্ত্বেও আমাদের প্রত্যাশিত মার্কা শাপলা দিতে গড়িমসি করে। তারপর নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের এক ধরনের লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়।
সারাদেশে আমাদের যেসব অফিস রয়েছে, নেতাকর্মী রয়েছেন, কমিটি রয়েছে- সেগুলোতে নির্বাচন কমিশন তাদের অবজারভেশন করে এবং দেড় মাস আগে আমরা জানতে পারি আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। তবে আমাদের প্রতীক আটকে ছিল। অবশেষে আমরা শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছি। সেজন্য আন্তরিকভাবে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, যারা আমাদের সমর্থন দিয়েছেন- এই পুরোটা সময় আমরা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি। জুলাই পদযাত্রায় মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। সুত্রঃ ঢাকা মেইল
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest