সুনামগঞ্জ – সিলেট সড়কে কাভার্ড ভ্যানের চাপায় শিশু নিহত

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

সুনামগঞ্জ – সিলেট সড়কে কাভার্ড ভ্যানের চাপায় শিশু নিহত

স্টাফ রিপোর্টারঃ

শান্তিগঞ্জের দামোধরতোপী এলাকায় কাভার্ড ভ্যান এর চাপায় পাঁচ বছর বয়সী “রিক” নামক এক শিশু নিহত হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যান আটক করা হয়েছে।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানাযায়, ৩ রা জুন বেলা ২ ঘটিকার সময় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামাধরতোপী গ্রাম নিবাসী নান্টু সুত্রধর এর ছেলে রিক সুত্রধর (৫) স্বজনদের সাথে সুনামগঞ্জ -সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা অংশের দামাধরতোপী এলাকায় এই সড়কের পাশে দাড়িয়েছিল। এক পর্যায়ে সড়ক পাড়াপাড়ের সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী ঢাকা মেট্রো-ম (১১-৮৭৭৬) নম্বরের স্টিড ফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান শিশু রিক সুত্রধর (৫)কে চাপা দেয়। এতে সে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় জাউয়া বাজার এলাকা থেকে কাভার্ড ভ্যানটি আটক করা হয়। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। দুর্ঘটনার খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ট ভ্যানটি জাউয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।