প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
পুলিশ হেফাজতে মোহাম্মদ আরিফুজ্জামান (বাঁয়ে), তাকে রবিবার আদালত থেকে মুখ ঢেকে বার করা হচ্ছে (ডানে)
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
বাংলাদেশের চাকরি থেকে বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে রোববার পশ্চিমবঙ্গের এক আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। তাকে ২৩ আগষ্ট রোজ শনিবার রাতে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে আটক করে বিএসএফ।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানা এলাকার বিথারী সীমান্তে তাকে আটক করা হয়। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়।
তিনি বিগত ২০২৪ সালে রংপুরে কর্মরত অবস্থায় ছিলেন এবং আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত। গত বছরের ১৪ই অগাস্টের পর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং তার মধ্যেই তাকে ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ এর সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হয়।
তবে তিনি তার নতুন কর্মক্ষেত্রেও যোগ দেন নি।
এবছর ১৪ই অগাস্ট বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন মারফত তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শনিবার পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানার হেফাজতে তাকে দীর্ঘক্ষণ জেরার পরে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে বিদেশী আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী।
২৪ আগষ্ট রোজ রোববার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন।
বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ এই আটকের ব্যাপারে কোনও মন্তব্য করতে চায় নি। আবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসকেও রবিবার সন্ধ্যা পর্যন্ত এই গ্রেফতারির বিষয়ে কিছু জানানো হয় নি বলে দূতাবাসের সূত্রগুলি জানিয়েছে। সুত্রঃ বিবিসি
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest