প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারকে নিয়ে মিথ্যা ও মানহানিকর সংবাদের দায়ে চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণের বিরুদ্ধে করা মামলাটি পুনরুজ্জীবিত করেছেন আদালত।
২৫ জুন রোজ বুধবার বাদির আপিল আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম এ আদেশ দেন। ২০১৭ সালের অক্টোবরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন মামলাটি করেছিলেন। এতে পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসীম উদ্দিন চৌধুরীকে আসামি করা হয়। হাসিনা সরকারের চাপে ২০১৮ সালে মামলার আসামিকে খালাস দেয়া হয়।
বাদি বেলায়েত হোসেন আমার দেশ’কে জানান, ‘আমি (ফৌজদারি আপিল মামলা নং-৪৮৩/২০২৫) দায়ের করেছি। আদালত সেই আপিল মামলা গ্রহণ করেছেন। এখন থেকে মামলাটি আবারও চলবে। ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে এমন হলুদ, অপ-সাংবাদিকদের পুষে রেখেছিল। তারা তার সব অবৈধ কাজকে পত্রিকার মাধ্যমে বৈধতা দিয়েছিল। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আপিল মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ অক্টোবর চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণে ‘বিশ্বের শীর্ষ দুর্নীতিবাজ পরিবারে তৃতীয় খালেদা’ শিরোনামে শীর্ষ সংবাদ প্রকাশ করা হয়। এতে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রীকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে পূর্বকোণ। মূলত তার আকাশ চুম্বি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক
প্রতিপক্ষের ইন্ধনে বিশেষ মহলের ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংবাদটি প্রকাশ করা হয়। এমনকি বলা হয় খালেদা জিয়ার অবৈধ সম্পদের পরিমাণ ২০ হাজার ৭৫০ কোটি টাকা। এতে জিয়া পরিবারকে প্রভাবশালী নিয়ন্ত্রক পরিবার হিসেবে দাবি করে ১৩ বছরের শাসনে দ্বিতীয় ও তৃতীয় মেয়াদে লাগামহীন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলেও উল্লেখ করা হয়।
আপিলে বলা হয়েছে, মামলার বাদি বেলায়েত হোসেন রাজনৈতিক রোষানলে পড়ে একাধিকবার জেলে ও আত্মগোপনে ছিলেন। আসামিরা বিভিন্ন মাধ্যমে মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে আসছিল। প্রতিকূল পরিস্থিতি আওয়ামী লীগ সরকারে চাপে আসামিকে মামলা থেকে খালাস দেয়া হয়। সুত্রঃ আমার দেশ
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest