প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬
তাহিরপুর সংবাদদাতাঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আল আমিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে এই ঘটনা ঘটে। এ সংঘর্ষে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত আল আমিনের ছোট ভাই জুয়েল জানান, ঘটনার সূত্রপাত ঘটে গত শুক্রবার বিকেলে। সে সময় শিশুদের ফুটবল খেলার সময় এক শিশু অন্য শিশুর পায়ে আঘাত করলে তাকে চড় মারা হয়। এ ঘটনায় আঘাতপ্রাপ্ত শিশুর বাবা লতিফের কাছে বিচার দেওয়া হলে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। জুয়েলের অভিযোগ, শুক্রবার এই বিরোধ মীমাংসা করতে তিনি নিজে এগিয়ে গেলে কয়েকজন তাকে মারধর করেন।
এরই জের ধরে শনিবার বিকেলে বেশ কয়েকজন তাদের বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। আল আমিন এর প্রতিবাদ জানালে ১৫ থেকে ২০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় আল আমিনের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হামলায় নিহতের ছোট ভাই জুয়েল ছাড়াও রানা মিয়া (৩০) এবং তোফাজ্জল মিয়ার ছেলে রবিন মিয়া (২৫) আহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আব্দুর নুর, লতিফ, আব্দুল কুদ্দুস, সুলতান, মহিবুর, মোফাজ্জল, আতাবুর, আব্দুর শহীদ ও জাকিরসহ কয়েকজনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এ ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest