প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে মেলার উদ্বোধন ও আলোচনা সভা হয়। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহার। তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সরকার বিজ্ঞান শিক্ষার প্রসার ও নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে তরুণদের সব ধরনের সহায়তা দিতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং তাদের সুপ্ত মেধা বিকাশের একটি চমৎকার ক্ষেত্র এই বিজ্ঞান মেলা। বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের তরুণদের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে আরও দক্ষ হয়ে উঠতে হবে।
খন্দকার মুক্তাদির বলেন, কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয়; এ বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন। আমরা এটিকে একটি জাতীয় দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। যথাযথভাবে সংরক্ষণ করা গেলে দেশের চামড়া শিল্প, রফতানি আয় এবং এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে। কিন্তু সামান্য অসচেতনতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়। এ পরিস্থিতি রোধে সরকার এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
উদ্বোধনী আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট ও বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী পর্যবেক্ষণ করে তাদের উৎসাহিত করেন। মেলায় সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির নানামুখী প্রকল্প প্রদর্শন করছে। দুই দিনব্যাপী এই মেলা আগামীকালও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest