প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।২৯ শে এপ্রিল রোজ বুধবার দিবাগত গভীর রাতে বাজারের স্কুল মার্কেটে এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ব্যবসায়ী আতাউর রহমানের কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের সারজুল মিয়া, আল আমিন, আব্দুস সালাম, অজয় দাস ও শাহজাহান মিয়ার দোকানসহ আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানে। এতে দোকানগুলোর ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে খবর দিলে দিরাই স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সড়ক যোগাযোগের অভাবে ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় আগুন নেভাতে কিছুটা বিলম্ব হয় বলে জানা গেছে।
দিরাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শিশির কুমার দাশ বলেন, আগুনের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি জানান, আগুনে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest