জগন্নাথপুরে কৃষকের বোরোধান কর্তন করে দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬

জগন্নাথপুরে কৃষকের বোরোধান কর্তন করে দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ

 

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরের হাওরে কৃষকের বোরোধান কেটে দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
আগাম বন্যার আশংকা, ঘনঘন বৃষ্টিপাতে নীচু জমিতে জলাবদ্ধতা, শ্রমিক সংকট ও প্রচন্ড গরমে সোনালী ফসল বোরোধান কাটতে গিয়ে হিমশিম খাচ্ছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃষক কূল। এমন পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে স্থানীয় কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে দিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাষ্টার। ২৪ শে এপ্রিল রোজ সকাল ১০টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর আশিঘর গ্রামের পূর্বের হাওরে এক কৃষকের প্রায় এক বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছেন তিনি। এই ধান কাটায় জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
ধান কর্তনে সহায়তা পাওয়া কৃষক হাজী সুহেল আমিন বলেন, শ্রমিক সংকট ও বাড়তি খরচের কারণে ধান কাটতে দেরি হচ্ছিল। এ অবস্থায় স্থানীয় বিএনপি নেতাদের এমন উদ্যোগে তাঁরা স্বস্তি পেয়েছেন।
এ বিষয়ে আবু হুরায়রা সাদ মাষ্টার বলেন, হাওরাঞ্চলে আগাম বন্যার আশঙ্কা রয়েছে, অন্যদিকে শ্রমিক সংকটও তীব্র। ফলে কৃষকেরা আতঙ্কে আছেন। কোনো কৃষক ধান কাটতে সমস্যায় পড়লে জানালে আমাদের নেতাকর্মীরা পাশে দাঁড়াবে। তিনি আরও বলেন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদের নির্দেশনায় দলের পক্ষ থেকে কৃষকদের সহায়তায় এ কার্যক্রম চালানো হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ