প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট মৌলভীবাজার সীমান্তে কুশিয়ারা নদীর শেরপুর সেতুতে জরুরি মেরামত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৩৬ ঘণ্টাব্যাপী আংশিক ও পূর্ণাঙ্গ যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এর ফলে উক্ত মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের জন্য সাময়িক ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।
সওজ কর্তৃক জারি করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুশিয়ারা নদীর উপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব সংস্কার কার্যক্রম আগামী ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে শুরু হয়ে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতুর ওপর এক লেনে সীমিত আকারে যান চলাচল অনুমোদিত থাকবে। পরবর্তীতে ২৪ এপ্রিল রাত ১১টা হতে ২৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত সেতুর ওপর সকল প্রকার যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এরপর ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত পুনরায় এক লেনে যান চলাচল চালু রাখা হবে।
যান চলাচলের স্বাভাবিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিকল্প সড়কপথ ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করেছে। সে অনুযায়ী, ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যানবাহন সমূহকে শায়েস্তাগঞ্জ থেকে মিরপুর (বাহুবল), শ্রীমঙ্গল ও মৌলভীবাজার হয়ে ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেটে প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি শেরপুর থেকে সিলেটগামী যানবাহন সমূহকে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ হয়ে চলাচলের আহ্বান জানানো হয়েছে। অপরদিকে, সুনামগঞ্জগামী যানবাহনের জন্য সৈয়দপুর (নবীগঞ্জ) থেকে রানীগঞ্জ হয়ে জগন্নাথপুর হয়ে বিকল্প সড়কপথ ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়েছে।
প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত উক্ত বিজ্ঞপ্তিতে সেতুর সংস্কারকালীন সময়ে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest