এলাকার দুর্ভোগের কথা বলতে গা-মাথা সুন্দর হওয়া লাগে না- সংগীত পরিচালক তানজীব

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

এলাকার দুর্ভোগের কথা বলতে গা-মাথা সুন্দর হওয়া লাগে না- সংগীত পরিচালক তানজীব

ছবিতে তাজু ও তানজীব সারোয়ার
ইউএস বি ডেস্কঃ
কুড়িগ্রামের ভাইরাল তরুণ তাজুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ তার ভিডিও শেয়ার করে সমালোচনা করছেন, আবার কেউ দেখছেন ভিন্ন দৃষ্টিতে। এই আলোচনার মাঝেই তাজুকে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় গায়ক-সংগীত পরিচালক তানজীব সারোয়ার।
নিজের ফেসবুক স্ট্যাটাসে তানজীব লেখেন, ভদ্রলোকের বাড়ি কুড়িগ্রামে। তিনি ভিডিও বানিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে-তার এলাকার গরুগুলো নদী পার হয়ে ঘাস খেতে যাচ্ছে। একটা ব্রিজ থাকলে এই কষ্ট পোহাতে হতো না। আবার আরেক ভিডিওতে গামবুট পরে পানিতে দাঁড়িয়ে গ্রামের রাস্তার করুণ অবস্থা তুলে ধরছেন।
তিনি আরও লেখেন, লোকজন তাকে নিয়ে হাসাহাসি করছে। কিন্তু আমার চোখে তিনি একজন সচেতন মানুষ। কথাবার্তা বা পোশাক স্মার্ট না-এটা কোনো বিষয় না। তিনি যে বিষয় নিয়ে কথা বলছেন, সেটা খুবই জরুরি। এলাকার দুর্ভোগের কথা বলছেন, উন্নয়নের দাবি তুলছেন। এই কথা বলতে গা-মাথা সুন্দর হওয়া লাগে না। রেসপেক্ট ভাই আপনাকে।
এদিকে তাজুকে নিয়ে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে। ভাইরাল হওয়া এই তরুণ নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন,আমার ৮ জনের সংসার। বাবা-মা অসুস্থ, শ্রবণ প্রতিবন্ধী। ঢাকায় নির্মাণ শ্রমিকের হেল্পার হিসেবে কাজ করি। পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই ভিডিও করি।
তিনি আরও বলেন, আমি সাংবাদিক না। আপনারা সাংবাদিকরা আমাদের নারায়ণপুরে (কুড়িগ্রাম) আসেন না, আমাদের এলাকার খবর করেন না। আপনাদের এখানে আনার জন্যই ভিডিও করি। আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে। ট্রোল করলে আমার কষ্ট নেই। আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক।

এ সংক্রান্ত আরও সংবাদ