জগন্নাথপুরে বাসের ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু, ঘাতক বাস ও চালক গ্রেফতার

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

জগন্নাথপুরে বাসের ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু, ঘাতক বাস ও চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত বৃদ্ধা সুন্দুর মালা (৭০) সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। গত শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে জগন্নাথপুর- পাগলা আঞ্চলিক মহাসড়কের মজিদপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা জগন্নাথপুর উপজেলার নাদামপুর গ্রামের মৃত ইসমত আলীর স্ত্রী।

জানা যায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা জগন্নাথপুরগামী সাকিন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব, ১২-৫৭৮৫) মজিদপুর এলাকায় একটি দাঁড়িয়ে থাকা সিএনজিকে ধাক্কা দেয়। ওই সময় সিএনজি থেকে নামার সময় বাসের সরাসরি আঘাতে গুরুতর আহত হন সুন্দুর মালা। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটকে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই বিন আমিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকসহ বাসটিকে জিম্মায় নিয়ে থানায় নিয়ে যান।

এই বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ  শফিকুল ইসলাম বলেন,দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস ও চালককে আটক করে থানায় নিয়ে এসেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ