প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এলাকা ছাড়া থাকা আওয়ামী লীগের এক নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে দায়িত্বে ফেরানোর দাবি জানিয়েছেন এক বিএনপি নেতা। বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
দাবি তুলেছেন বিএনপি নেতা মুফতি শফিকুল ইসলাম ডালিম, যিনি উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য।
জানা যায়, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মামলা ও মবের আশঙ্কায় বহরা ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন এলাকা ছাড়া রয়েছেন। তিনি মাধবপুর প্রেসক্লাবেরও একজন সদস্য।
রোববার (২২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শফিকুল ইসলাম ডালিম লেখেন, “বহরা ইউনিয়নের গতি ফিরিয়ে আনতে চেয়ারম্যান আলাউদ্দিনকে তার দায়িত্বে ফিরিয়ে দেওয়া হোক। তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি।
তার এ বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে শফিকুল ইসলাম ডালিম বলেন, যদি প্যানেল চেয়ারম্যান ফরিদ মিয়া আওয়ামী লীগের নেতা আরিফুর রহমানের সঙ্গে কাজ করতে পারেন, তাহলে আমরা কেন আলাউদ্দিন চেয়ারম্যানের পক্ষে কথা বলতে পারব না? তিনি একজন ভালো মানুষ। আমার এই বক্তব্যের কারণে দলীয় চাপ আসতে পারে, তবুও সত্য কথা বলব।
এদিকে মাধবপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম বলেন, আমাদের উপজেলায় মিথ্যা মামলা বা মব কালচারের স্থান নেই। মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। কাউকে অন্যায়ভাবে দায়িত্ব থেকে দূরে রাখা উচিত নয়।
বর্তমান প্যানেল চেয়ারম্যান ও বহরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফরিদ মিয়া বলেন, “আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমাকে অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করছি। দলগতভাবে কাউকে বৈষম্য করা হচ্ছে না।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest