প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
পুলিশের সঙ্গে জনগণের তৈরি হওয়া ‘আস্থার সংকট’ কাটাতে প্রতিটি জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পুলিশ এমনভাবে জনগণকে সেবা দিতে চায়, যাতে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে।
তিনি আরও বলেন, ‘থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা রয়েছে। থানায় অভিযোগ নিয়ে গেলে প্রমাণ সাপেক্ষে যাতে তাৎক্ষণিকভাবে বিচার ব্যবস্থা করা যায়। এতে ভুক্তভোগীরা দ্রুত বিচার পাবেন।’
৯ মার্চ রোজ সোমবার সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আইজিপি প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই অভিব্যক্তির কথা জানান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর মো. আলী হোসেন ফকিরকে পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার।
তিনি বলেন, তদন্তের গুণগত মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এমনকি উগ্র মৌলবাদিদের উত্থান রোধে পুলিশের ‘সজাগ দৃষ্টি’ থাকবে।
চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ার অভিযোগে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করেন আইজিপি।
তিনি বলেন, ‘বিগত সময়ে পুলিশের সঙ্গে জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে। জনআস্থা উদ্ধারে ও উদ্ধারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এজন্য জেলা সদরের থানাকে জিরো কমপ্লেইন থানা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই।’
সেসব থানাতে একজন সার্কেল এএসপি ওই থানার কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করবে জানিয়ে আইজিপি বলেন, ‘আমরা এমনভাবে জনগণকে সেবা দিতে চাই যাতে থানায় আগত মানুষ হাসি মুখে থানা থেকে ফিরে যেতে পারে। পুলিশের বিরুদ্ধে যাতে কোনো ধরনের কমপ্লেইন না থাকে। পুলিশের রিঅ্যাকশন টাইম ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা হবে।’
দেশের সংকটকালীন মহূর্তে পুলিশ সবসময় ‘সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে’ দায়িত্ব পালন করার বিষয়টি মনে করিয়ে দিয়েছেন তিনি।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নতুন সরকার গঠিত হয়েছে, এমন প্রেক্ষাপটে সরকারের অঙ্গীকারের মতো দেশের স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখা পুলিশেরও ‘অন্যতম প্রধান অঙ্গীকার’ বলে ভাষ্য বাহিনী প্রধানের।
চাঁদাবাজির বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে আইজিপি বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পরপরই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। চাঁদাবাজির বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় কোনো বিবেচনার সুযোগ নেই। ইতিমধ্যে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদেরকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্লক রেড দিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চলমান আছে।’
চাঞ্চল্যকর কোনো ঘটনার সাথে সাথে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শসহ যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে আইজিপি বলেছেন, গণধর্ষণ, ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, সিআইডিকে আরও আধুনিকীকরণের মাধ্যমে মামলা তদন্তের গুণগত মান বাড়াতে চাই। মামলার তদন্তকার দ্রুত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
আসন্ন ঈদ নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে আইজিপি বলেন, ‘ঈদের সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে ঘরমুখ মানুষের নিরাপদ যাতায়াত এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, দস্যুতা হতে দেওয়া হবে না।’
মহাসড়কে ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। র্যাবও মহাসড়কে দায়িত্ব পালন করছে। দেশের প্রধান প্রধান মার্কেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চুরি-ছিনতাই রোধে ‘কার্যকর ব্যবস্থা’ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
ঈদকে সামনে রেখে পোশাক শিল্পের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে প্রায়ই অসন্তোষ তৈরি হয়, এবার সে আশঙ্কা মাথায় রেখে পৃথক পরিকল্পনার কথা বলেছেন আইজিপি।
তিনি বলেন, ‘এমন গার্মেন্টস শিল্প চিহ্নিতকরণের পাশাপাশি শ্রমিক নেতা, মালিক, বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
উগ্র মৌলবাদিদের উত্থান রোধে পুলিশের সজাগ ও নজরদারী বজায় থাকবে বলেও জানান তিনি।
পুলিশপ্রধান বলেন, ‘আমরা বিশ্বাস করি জনগণ রাষ্ট্রের মূল শক্তি। তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে তাদেরকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর। জনবান্ধন পুলিশ গড়তে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।
সুত্রঃ সমকাল অনলাইন
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest