প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ছাদ থেকে নিচে পড়ে সাজাদ মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাজাদ মিয়া জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত আছলম উল্লার ছেলে। তিনি গত ২ মার্চ থেকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সাজাদ মিয়াকে গত ২ মার্চ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে তিনি হাসপাতালের তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে যান। এ সময় তার চিৎকার শুনে স্বজন ও দায়িত্বরতরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
আহত সাজাদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অসুস্থ রোগী কীভাবে হাসপাতালের ছাদে গেলেন কিংবা এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃদ্ধ সাজাদ মিয়ার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest