জগন্নাথপুর-কুবাজপুর-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে লংমার্চ ও বিশাল মানববন্ধন

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬

জগন্নাথপুর-কুবাজপুর-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে লংমার্চ ও বিশাল মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর-কুবাজপুর থেকে বেগমপুর সড়ক দ্রুত সংস্কার ও যান চলাচলের উপযোগী করার দাবিতে লংমার্চ ও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে দক্ষিণ জগন্নাথপুর গণদাবি পরিষদের উদ্যোগে কুবাজপুর থেকে জগন্নাথপুর পৌর পয়েন্ট পর্যন্ত এ লংমার্চ অনুষ্ঠিত হয়। পরে লংমার্চ শেষে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। দক্ষিণ জগন্নাথপুর গণদাবী পরিষদের আহবায়ক সাংবাদিক মাসুম আহমদের সভাপতিত্বে ও গণদাবী পরিষদের নেতা হাফিজ আখতারুজ্জামান রিয়াদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, জগন্নাথপুর-কুবাজপুর থেকে বেগমপুর সড়কটি দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলিত ও সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করলেও দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বক্তারা আরও বলেন, এ অঞ্চলের শত শত শিক্ষার্থী প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের জন্য পায়ে হেঁটে চলাচল করতে বাধ্য হচ্ছে। সড়কটির বেহাল অবস্থার কারণে বিশেষ করে শিক্ষার্থী, নারী, বয়স্ক ও অসুস্থ রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। মানববন্ধনে তারা বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখনও জগন্নাথপুরের এই অঞ্চলের মানুষ যোগাযোগ ব্যবস্থার দিক থেকে পিছিয়ে রয়েছে। দীর্ঘদিনের এই অবহেলার অবসান ঘটিয়ে দ্রুত সড়কটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করার দাবি জানান তারা। এ সময় এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের কাছে জোর দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা দরছ উদ্দিন, ব্যবসায়ী আব্দুল বাছিত সুমন, ফরহাদ মিয়া, হাফিজ আবু তাহের, মোঃ জেবুল মিয়া, শিক্ষক মোঃ আখতার হোসেন, শিক্ষক মোঃ জিকরুল আলম, মোঃ মিলন মিয়া, হাফিজ মাওলানা মুজাহিদ খান, মাওলানা হাবিবুর রহমান, সুহেল আহমদ, খলিল চৌধুরী, রিয়াজ মিয়া প্রমুখ। এলাকার শতাধিক মানুষ লংমার্চ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ