প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরের চারটি নামকরা ব্র্যান্ডেড খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিশুদ্ধ খাদ্য আদালত, চট্টগ্রাম মহানগরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো—ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারির কারখানা, মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেড, উৎসব সুপার শপ ও রিও ক্যাফে-মাজায়দার।
আদালত সূত্রে জানা যায়, ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারির কারখানায় নিম্নমানের ঘি ব্যবহার, পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ ও ব্যবহার, মেয়াদোত্তীর্ণ মিষ্টি-কেক-বিস্কুট সংরক্ষণ, যথাযথ লেবেলিং না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ভাঙা টাইলস, নোংরা ড্রেনেজ, অপরিচ্ছন্ন সরঞ্জাম, পোকাযুক্ত বাদাম এবং মেয়াদহীন খাবার সংরক্ষণের মতো অনিয়মও পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডে বিভিন্ন চিপস, নুডলস ও ম্যাংগো বারের মান নিয়ন্ত্রণে ব্যর্থতা, অস্বাস্থ্যকর পরিবেশ, তেলাপোকার বিচরণ, ম্যাংগো পাল্পের ড্রামে পোকামাকড়ের উপস্থিতি, ভাঙা ও তৈলাক্ত মেঝে এবং পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উৎসব সুপার শপে মেয়াদোত্তীর্ণ মোমোস, নষ্ট মরিচ, মসলা ও চকোলেট সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ, আমদানিকৃত পণ্যে যথাযথ লেবেল ও আমদানিকারকের তথ্য না থাকা, নিবন্ধনবিহীন শিশুখাদ্য ও অনুমতিবিহীন খাদ্য সম্পূরক বিক্রির প্রমাণ পাওয়া যায়। একই সরঞ্জামে গরু ও খাসির মাংস প্রক্রিয়াকরণ, পণ্যের পুষ্টিতথ্য ঢেকে নিজস্ব স্টিকার ব্যবহার এবং প্রয়োজনীয় নিবন্ধন ছাড়া আচার ও ঘরোয়া পণ্য বিক্রিরও প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে রিও ক্যাফে-মাজায়দারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও বিক্রি, পচা-বাসি খাবার সংরক্ষণ, কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা এবং প্রয়োজনীয় নিবন্ধন ও সনদ ছাড়া ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, এসব প্রতিষ্ঠানে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বেশ কিছু গুরুতর অসঙ্গতি পাওয়া গেছে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। খাদ্য ব্যবসায়ীদের মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির বিষয়ে আরও সতর্ক হতে হবে।
তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানকে মানোন্নয়নের জন্য সময় দেওয়া হয়েছে, পরবর্তী সময়ে তাদের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হবে।
আদালত ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিকে আগামী ২২ সেপ্টেম্বর, মেরিডিয়ান ফুড প্রোডাক্টসকে ৬ সেপ্টেম্বর এবং উৎসব সুপার শপকে ৩০ আগস্ট সশরীরে আদালতে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest