হাওর ও দুর্গম অঞ্চলের শিক্ষায় বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার, সুনামগঞ্জে প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

হাওর ও দুর্গম অঞ্চলের শিক্ষায় বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার, সুনামগঞ্জে প্রতিমন্ত্রী

সুনমগঞ্জ প্রতিনিধিঃ
হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুনির্দিষ্ট ও পৃথক পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এসব অঞ্চলের শিক্ষাখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।সোমবার (২৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, হাওরাঞ্চলের বাস্তবতা বিবেচনায় শিক্ষার মান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন, দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য নৌযান সার্ভিস চালু এবং স্থানীয় পরিবেশ ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যালয়ের পাঠদানের সময়সূচিতে পরিবর্তনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে চলমান স্কুল ফিডিং কর্মসূচির তদারকি জোরদার করা হয়েছে। শিশুদের জন্য সরবরাহ করা খাবারের গুণগত মান নিশ্চিত করতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স, মান পরীক্ষা এবং সরবরাহ প্রক্রিয়ায় কঠোর নিয়ম অনুসরণ করা হচ্ছে।ববি হাজ্জাজ হুঁশিয়ারি দিয়ে বলেন, স্কুল ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।মতবিনিময় সভায় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এবং স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে প্রতিমন্ত্রী তাহিরপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং হাওরাঞ্চলে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ