প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এই খবরে এলাকার জনসাধারণের মাঝে আনন্দ বিরাজ করছে।
জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এর নিজ ভেরিফাই ফেসবুক আইডিতে ১২ ই জুলাই প্রকাশিত স্ট্যাটাস সূত্রে এমন তথ্য জানা গেছে। এ সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা’র উপসচিব কাজী শফির উদ্দিন আহমেদের স্বাক্ষরিত একটি পত্রের সঙ্গে একটি তালিকাও পোষ্ট করা হয়েছে।
জানা যায়, দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পরিপত্রে বলা হয়, দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি পাওয়া গেছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির (পদ সৃজন) প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধি এবং নতুন ১৩টি উপজেলায় হাসপাতাল স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে। এই তালিকায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। ৫০ শয্যা বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নতি করণ করা হচ্ছে এই সংবাদ অত্র এলাকায় পৌঁছার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানাচ্ছেন অনেকেই।
সুনামগঞ্জ-৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ জানান, গ্রামীণ স্বাস্থ্য সেবার মান কে উন্নত ও সুনিশ্চিত করার স্বার্থে দেশের বিদ্যমান ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ১০১ শয্যায় উন্নীতকরণের প্রক্রিয়ার মধ্যে আমার নির্বাচনী এলাকার জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ২টি হাসপাতাল অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest