হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে স্থানীয় ভাবে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকদের ধারণা প্রচণ্ড গরম ও শারীরিক দুর্বলতাজনিত কারণে শিক্ষার্থীরা অসুস্থ হন।
জানাগেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় অবস্থিত জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাঈমা আক্তার এইচএসসি পরীক্ষার প্রথম দিন অর্থাৎ ২রা জুলাই রোজ বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর শহরের আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। এক পর্যায়ে এই শিক্ষার্থী অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তৎক্ষনাৎ জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম তাঁর গাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিক্ষার্থী নাঈমা আক্তার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রাম নিবাসী কাজল মিয়ার মেয়ে।
এ ব্যাপারে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কেন্দ্র সচিব নিয়াজ আহমেদ বলেন, শিক্ষার্থী নাঈমা আক্তার আগে থেকেই অসুস্থ ছিল। পরীক্ষার শেষ পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর পাশা-পাশি অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করি। পরে অভিভাবকরা এসে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে যান। এখন সে সুস্থ রয়েছে।
এদিকে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়ায় অবস্থিত শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সূচনা রানী সরকার উপজেলার আটপাড়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।তাকে স্থানীয় ভাবে ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সূচনা রানী সরকার জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকার বাসিন্দা সুধা সরকারের মেয়ে।
এ ব্যাপারে শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল কবির দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকল বলেন, পরীক্ষা শেষ হওয়ার ১০/১৫ মিনিট আগে শিক্ষার্থী সূচনা পেটে ব্যাথা অনূভব করে অসুস্থ হয়ে পড়ে। তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুঠোফোনে আলাপকালে বলেন, দুই শিক্ষার্থী প্রচণ্ড গরম ও শারীরিক দুর্বলতা জনিত কারণে অসুস্থ হয়ে পড়েছে। একজন শিক্ষার্থী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।