জগন্নাথপুরে টাস্কফোর্সের অভিযানে ১৫ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় ও পিকআপ জব্দ

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

জগন্নাথপুরে টাস্কফোর্সের অভিযানে ১৫ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় ও পিকআপ জব্দ

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধভাবে সড়ক দখল, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং ডিলিং লাইসেন্স ছাড়া সিমেন্ট বিক্রির অপরাধে টাস্কফোর্সের অভিযানে ১০ জন ব্যবসায়ী ও ব্যক্তিকে মোট ১৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি পার্কিং করা অবৈধ পিকআপ জব্দ করে ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

৩০ আগষ্ট রোজ  রবিবার  বিকাল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে জগন্নাথপুর থানার পুলিশ, ট্রাফিক পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।

অভিযানে পৌর অডিটোরিয়াম সংলগ্ন সড়কে বাঁশ স্তূপ করে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে local government (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ৩ জন বাঁশ ব্যবসায়ীকে ২,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়। সড়কে বেআইনি পার্কিং ও হালনাগাদ কাগজপত্র দেখাতে না পারায় একটি পিকআপ জব্দ করে ট্রাফিক পুলিশের জিম্মায় দেওয়া হয় এবং নিয়মিত মামলার নির্দেশ প্রদান করা হয়। কেশবপুর বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় দুই দোকান মালিককে যথাক্রমে ২,০০০ ও ১,০০০ টাকা জরিমানা করা হয়। হাসপাতাল পয়েন্ট সংলগ্ন সড়কে হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারায় ৪ জন চালককে জরিমানা করা হয় (২ জনকে ২০০ টাকা করে এবং ২ জনকে ৫০০ টাকা করে)। জগন্নাথপুর বাজারে ডিলিং লাইসেন্স ছাড়া সিমেন্ট বিক্রির অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় এক ব্যবসায়ীকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন জানান, জনস্বার্থ রক্ষা, সড়ক পরিষ্কার রাখা ও বাজারব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ